' কোনো কাজই ছোটো নয় ' ।। চয়ন দাশ

চিত্র - চয়ন দাশ


' কোনো কাজই ছোটো নয় ' মেনে নিলে

কোনো কাজ বড়ো নয়কেও স্বীকার করতে হয়

এই জিরাফের স্রোত

মাটির স্রোত

হাওয়ার স্রোত 

ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে দীক্ষাদানের সকালে আর

কাগজের ঠোঙার ভেতর বসে দোল লেগে

চোখ টেনে আসে হাত পা গলে তেল ছেড়ে দিচ্ছে দেওয়ালে


জাদুকর সোনালি পাঞ্জাবি পরে  গাছের কোটরের

ভেতর মানুষের ভেতর হাত ঢুকিয়ে গোলগোল নরম

ফেনা ঘাঁটে আর খোঁজে জলপাই শ্যাওলা

নাশপাতির ভ্রূণ , রুপোলি পাজামার টুকরো


অন্ধকারকে ভালোবেসে কলসি আমৃত্যু নির্জনতা

লুকিয়ে রাখে, জোৎস্না চিরদিন জ্যোৎস্না থাকবে বলে

রোদ্দুর অতিক্রম করে অনায়াসে 

গাছ হাত পাতে নদীতে

খইখই করে মাছ উঠে আসে তালুর উপর, কনুই

বেয়ে কাঁধে 

মাথায় বসে আছে পোষা মাছরাঙা , খাবে আর

স্রোতের আবছায়া  মাছেদের চোখ খেয়ে নিয়েছে কবেই !





Comments